সাভার-ধামরাইয়ে তিন রাতে চার বাসে আগুন « বাংলাখবর প্রতিদিন

সাভার-ধামরাইয়ে তিন রাতে চার বাসে আগুন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ নভেম্বর, ২০২৬ | ২:৪৭
ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ নভেম্বর, ২০২৬ | ২:৪৭
Link Copied!

ঢাকার সাভার ও ধামরাইয়ে গত তিন রাতে পার্কিং করে রাখা চারটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সর্বশেষ শনিবার দিবাগত রাতে সাভারে এবং রোববার ভোরে ধামরাইয়ে দুটি বাসে আগুন দেওয়া হয়। এসব ঘটনায় বাস দুটি ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম ও ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল-আমিন খান বাসে অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

সাভার ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত ২টা ৫৫ মিনিটে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার থানা বাসস্ট্যান্ড এলাকায় পার্কিং করে রাখা সাভার পরিবহনের একটি বাসে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিজ্ঞাপন

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়েছে। এ ঘটনায় প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

অন্যদিকে, ধামরাই ফায়ার সার্ভিস সূত্র জানায়, রোববার ভোর পৌনে ৪টার দিকে ধামরাইয়ের শরীফবাগ এলাকায় আফাজ উদ্দিন কলেজের সামনে ডি-লিংক পরিবহনের একটি বাসে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে ভোর ৪টা ২০ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়।

ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল-আমিন খান বলেন, বাসটি নবীনগর থেকে স্নোটেক্স গার্মেন্টসের কর্মীদের আনা-নেওয়ার কাজে ব্যবহৃত হতো। রাতে বাসটি পার্কিং করে রাখা ছিল। এ অবস্থায় বাসটিতে আগুনের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা এতে আগুন দিয়েছে।

বিজ্ঞাপন

এর আগে, গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) দিবাগত রাতে ধামরাই থানা রোডে মেরামতাধীন পাভেল পরিবহনের একটি বাসে আগুন লাগে। পরদিন শুক্রবার (৬ নভেম্বর) দিবাগত রাতে ঢাকা-আরিচা মহাসড়কের শ্রীরামপুর এলাকায় পল্লী সেবা পরিবহনের আরেকটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এ নিয়ে গত তিন রাতে সাভার ও ধামরাইয়ে মোট চারটি বাসে আগুনের ঘটনা ঘটল। ফায়ার সার্ভিস কর্মকর্তাদের ধারণা, নির্জন স্থানে পার্কিং করে রাখা বাসগুলো লক্ষ্য করে রাতের আঁধারে দুর্বৃত্তরা এসব অগ্নিকাণ্ড ঘটিয়ে থাকতে পারে।

বাসে অগ্নিকাণ্ডের বিষয়ে বক্তব্য জানতে সাভার ও ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) একাধিকবার ফোন করা হলেও তাঁরা ফোন রিসিভ না করায় তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।

বিষয়ঃ .ajkerpatrika.com

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত