
যমুনায় অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন
চৌহালী প্রতিনিধি:

সিরাজগঞ্জে চৌহালীতে যমুনা নদীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগে তিনজনকে ৫০ হাজার করে মোট দেড় লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২ মার্চ) সকালে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান তাদের এ জরিমানা করেন। জরিমানাপ্রাপ্তরা হলেন- সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার চর চিথুলিয়া গ্রামের আবুল প্রামাণিকের ছেলে তায়জুল ইসলাম (৩৮), চৌহালীর চর জাযুরিয়ার মোঃ আমিনুল ইসলাম (৪২) ও টাঙ্গাইলের ভুয়াপুরের আইচ বাড়ির মৃত শুকুর আলী মণ্ডলের ছেলে মোঃ ফটিক আলী (৪০)
এর আগে শুক্রবার (১ মার্চ) রাতে বিনানুই, খাসপুকুরিয়া ও ভূতের মোড় এলাকায় অভিযান চালিয়ে ওই তিন জনকে আটক করা হয়। চৌহালী ইউএনও মোঃ মাহবুব হাসান এ তথ্য নিশ্চিত করে জানান, রাতে বিনানুই, খাসপুকুরিয়া ও ভূতের মোড় এলাকায় যমুনা নদীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে ছিলো।
এমন গোপন খবর পেয়ে তিনটি পয়েন্টে অভিযান চালিয়ে ওই তিন জনকে আটক করা হয়। সকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ৫০ হাজার করে মোট দেড় লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
তিনি বলেন, কোনোভাবেই যমুনা নদীতে আইন অমান্য করে বালু উত্তোলন করতে দেওয়া হবে না। এজন্য অভিযান অব্যাহত থাকবে। যমুনা নদীতে কেউ যদি অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে তাহলে আমরা তাহার জন্য কঠোর ব্যবস্থা গ্রহন করিবো।


