ওয়ারিশদের বঞ্চিত করতে ভয়াবহ চক্রান্ত
প্রায় শতবর্ষী অসুস্থ, মানসিক ভারসাম্যহীন বৃদ্ধাকে ভুল বুঝিয়ে জমি রেজিস্ট্রি করার পায়তারা
স্টাফ রিপোর্টার
প্রতারক চক্র নিরব ও সেলিনা বেগম -- দৈনিক বাংলাখবর প্রতিদিন
৯০ উর্ধ্ব অসুস্থ, মানসিক ভারসাম্যহীন বৃদ্ধাকে ভুল বুঝিয়ে ও কৌশলে চাপ প্রয়োগ করে ওয়ারিশদের বঞ্চিত করে জমি নিজের নামে রেজিস্ট্রি করার চক্রান্ত করছে বলে গুরুতর অভিযোগ এসেছে নিরব ও তার খালা সেলিনা বেগমের বিরুদ্ধে। রাজশাহী জেলার কাশিয়াডাঙ্গা উপজেলা মোড়ে এই ঘটনা ঘটেছে।
অভিযোগের ভিত্তিতে সরেজমিনে গিয়ে জানা যায়, কাশিয়াডাঙ্গা মোড়ে বসবাসরত মোসা: গোলেনুর এর বর্তমান বয়স অন্তত ৯৫ বছর। তিনি শারীরিক অসুস্থ ও মানসিক ভারসাম্যহীন। এমনকি নিজে চলাফেরাও করতে পারেন না। ৫ মিনিট আগের কথাও মনে রাখতে পারেন না গোলেনুর। ঠিক এই সুযোগ কাজে লাগিয়েই অভিযুক্ত নিরব (২৫) ও তারই গুণধর খালা সেলিনা বেগম (৫৮) চক্রান্ত করে গোলেনুর এর সম্পত্তি ভোগদখল করার নিমিত্তে ভুল বুঝিয়ে কৌশলে চাপ প্রয়োগ করে জমি নিজেদের নামে লিখে নিতে চাচ্ছে।
প্রায় শতবর্ষী গোলেনুর সম্পর্কে প্রতারক নিরবের নানী এবং মহা প্রতারক সেলিনা বেগমের আপন মা। অথচ সেলিনা বেগমের আরও বোন ও ভাইয়ের উত্তরসূরী রয়েছে। তারপরও এতিম অসহায়, ভিটেমাটিহীন প্রকৃত ওয়ারিশদের বঞ্চিত করে ভয়াবহ চক্রান্ত করে মায়ের জমি নিজেদের নামে লিখে নেয়ার এই পায়তারা করছেন। যা নিয়ে রীতিমতো ক্ষুব্ধ ওই পরিবারের সকল সদস্য, এমনকি স্থানীয় লোকজন।
জমির তফসিল:
১.মৌজা: মধুপুর- জে.এল. নং- ৩৯, খতিয়ান নং- ২৫-৭০৩৭, দাগ নং- ১৬৬৯, পরিমাণ: ৬.৬০ শতাংশ।
২.মৌজা: গোবিন্দপুর- জে.এল. নং- ৫৩, খতিয়ান নং- ২৫-২৪৪৫, দাগ নং- ১৬৮, পরিমাণ: ৪.৮০ শতাংশ।
জন্মের আগেই বাবা হারানো এতিম আন্নি গণমাধ্যমে অভিযোগ করে বলেন, “আমার জন্মের আগেই আমার বাবা মারা জান। আমার নেই কোনো অভিভাবক, নেই থাকার মতো কোনো ঘরবাড়ি, এমনকি আমাদের মাথাগোঁজার মতো একটু ভিটেমাটিও নেই। অথচ ওয়ারিশ সূত্রে আমার প্রাপ্য জমি থেকে বঞ্চিত করতে ঘৃণ্য চক্রান্ত করছে আমার ফুফু সেলিনা বেগম ও ফুফাতো ভাই নিরব। নিরব তার নিজের মা’কেও বঞ্চিত করার ষড়যন্ত্র করেছে। এটা খুবই দুঃখজনক যে, তারা আমাদের রক্তের আত্মীয় হয়েও এমন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। যেখানে আমার দাদি নিজে চলাফেরা করতে পারেন না, কারো সাথে ঠিক মতো কথাও বলতে পারেন না। সেখানে তিনি সুস্থ মস্তিষ্কে কিভাবে অন্যজনকে জমি রেজিস্ট্রি করে দিবে ? মূলত আমার ফুপু সেলিনা বেগম ও নিরব মিলে প্রতারণা করে দাদিকে ভুল বুঝিয়ে এসব করছে।”
অসহায় আন্নি আরও অভিযোগ করেন, “নিরব আমাকে সরাসরি হুমকি দিয়েছে। সে বলে- “তোর বাবা নেই, বিপদে উদ্ধার করার মতো কেউ নেই। জমি তো দূরের কথা, তোকে মেরে ফেলতেও আমাদের সময় লাগবে না।” মূলত দাদিকে রেজিস্ট্রার অফিসে নিয়ে গিয়ে জোর করেই জমি লিখে নিবে বলে হুমকি দিয়েছে নিরব ও সেলিনা বেগম। আমি জীবনের ভয়ে কাউকে কিছু বলতেও পারছি না। এখন আমাদের এই শেষ সম্বল ওয়ারিশ হিসেবে প্রাপ্য জমিটুকু যদি না পায়, তাহলে আমাদের রাস্তায় গিয়ে থাকতে হবে। আমি এদেশের আইনের সহায়তা চাই। এই প্রতারক, বাটপার, জালিয়াতি চক্রের হাত থেকে আমাদের বাঁচান। আমরা আপনাদের মাধ্যমে স্থানীয় থানা এবং উপজেলা ভূমি অফিসে অভিযোগ করবো।”
কথা হয় ওই জমির আরেকজন প্রকৃত হকদার গোলেনুর এর আরেক মেয়ে শিরিন বেগমের সঙ্গে। একই রকম অভিযোগ করেন প্রকৃত ওয়ারিশ শিরিন বেগম। তিনি বলেন, “আমার মায়ের বয়স ৯০ বছরের বেশি। এই অবস্থায় তিনি সম্পূর্ণ শারীরিক ও মানসিক ভারসাম্যহীন। এই সুযোগে মা’কে ভুল বুঝিয়ে, কৌশলে জমি নিজেদের নামে লিখে নিতে চাচ্ছে আমার বোন সেলিনা বেগম ও আমারই আরেক ছেলে নিরব। আমার স্বামী নেই, নিজস্ব কোনো ভিটেমাটিও নেই। আমার মায়ের জমির প্রকৃত ওয়ারিশ হিসেবে যদি এই জমি আমরা না পায়, তাহলে ছেলে-মেয়ে নিয়ে এই বয়সে আমাদের রাস্তায় থাকতে হবে। আমরা আমাদের প্রকৃত প্রাপ্য চাই এবং এই প্রতারকদের শাস্তি চাই। তারা যেকোনো সময় মা’কে দিয়ে জোর করে হলেও জমি লিখিয়ে নিতে পারে। তাই আমরা থানা এবং উপজেলা ভূমি অফিসেও অভিযোগ করবো।”
সত্যতা নিশ্চিত হতে কথা বলতে চাই গোলেনুর এর সাথে। তবে অন্তত ৬ বার জিজ্ঞেস করলেও সাংবাদিকদের কাছে তিনি গুছিয়ে কিছুই বলতে পারেন নি। কারণ প্রায় শতবর্ষী একজন অসুস্থ বৃদ্ধার পক্ষে কিছুই সঠিকভাবে বলা সম্ভব নয়। তবে অভিযোগকারী শিরিন বেগম, আন্নি, অভিযুক্ত সেলিনা বেগম সবাইকে তিনি প্রকৃত ওয়ারিশ হিসেবে স্বীকার করেছেন। এই অসুস্থ, মানসিক ভারসাম্যহীন গোলেনুর বেগমের অসুস্থতা বিষয় একাধিক চিকিৎসার ডকুমেন্টসও রয়েছে। যা দেখে স্পষ্ট হয় যে, এই বয়স ও মানসিক ভারসাম্যহীন অবস্থায় তিনি নিজে থেকে কোনো সিদ্ধান্ত দেয়ার অবস্থায় নেই। ঠিক এই সুযোগটাই কাজে লাগতে চান প্রতারক নিরব ও তার খালা সেলিনা বেগম।
আমরা কথা বলি স্থানীয় লোকজনের সাথে। সবাই অকপটে স্বীকার করেন, উল্লেখিত জমির ওয়ারিশ সবাই। অথচ গোলেনুরের নাতনী একটা এতিম অসহায় মেয়ে আন্নি, গোলেনুরের মেয়ে শিরিনা বেগম সহ ওয়ারিশদের বঞ্চিত করে নিজেদের নামে জমি লিখে নেয়ার অপচেষ্টাকারী নিরব ও সেলিনা বেগমের প্রতি ব্যাপক ক্ষুব্ধ স্থানীয়রা। পরিচয় গোপন রাখার শর্তে কয়েকজন বলেন, নিরব একটা বদমাশ ছেলে। সে তার মা’য়ের গায়েও হাত তোলে এমনকি কোনো খোঁজ খবর নেয় না। মূলত নিরবকে এসব কুপরামর্শ দেয় তার খালা সেলিনা বেগম। স্থানীয়রা সকলেই চান, জমির সকল ওয়ারিশগণ জমি বুঝে পাক এবং প্রতারক চক্র নিরব ও তার খালার কঠিন শাস্তি হোক।


