ফেসবুকে ‘বিভ্রান্তিকর’ পোস্ট, কুড়িগ্রাম জেলা বিএনপি নেতা সোহেল কায়কোবাদের পক্ষ জিডি
মো.আব্দুল্লাহ আল মামুন, কুড়িগ্রাম
কুড়িগ্রামে জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব সোহেল হোসনাইন কায়কোবাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘বিভ্রান্তিকর’ তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে এ ঘটনায় দলীয় ও ব্যক্তিগত মর্যাদাহানির অভিযোগ তুলে রাজারহাট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
অভিযোগে জানা যায়, ‘Rajarhat Narrative’ নামে একটি ফেসবুক পেজ থেকে কুড়িগ্রাম জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদের একটি পুরোনো ছবি পোস্ট করে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়। পেজটির অ্যাডমিন পরিচয় গোপন থানায় এর মালিকের পরিচয় পাওয়া যায়নি।
জিডি সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় কুড়িগ্রাম-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনি প্রচারণা চালান সোহেল হোসনাইন কায়কোবাদ। প্রচারণার অংশ হিসেবে তিনি বিভিন্ন এলাকায় জনসংযোগ করেন এবং ভোটারদের সঙ্গে সাক্ষাৎ,ছবি তোলা ও করমর্দন করেন।
এ সময় রাজারহাট উপজেলার ঘড়িয়াল ডাঙা এলাকায় স্থানীয় অনেকের সঙ্গে তোলা একটি ছবি সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়া হয়। ওই পোস্টে দাবি করা হয়, কারাবন্দি র্যাব কর্মকর্তা ও কুড়িগ্রামের বাসিন্দা আলেপ উদ্দিনের জামিনের জন্য তদবির করছেন সোহেল হোসনাইন কায়কোবাদ। তবে পোস্টে এ দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি।
এ ঘটনায় ‘মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য’ প্রচারের অভিযোগ এনে সোহেল হোসনাইন কায়কোবাদের পক্ষে রাজারহাট উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক এড.শফিকুল ইসলাম রাজারহাট থানায় জিডি করেন।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগটি সাইবার মামলার জন্য সিআইডি তদন্তের অনুমতি চেয়ে রাজারহাট কোর্টে আবেদন করবেন বাদী। এরপর পরবর্তী আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে।
এ বিষয়ে সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, নির্বাচনি প্রচারণার সময় এলাকার সাধারণ মানুষের সঙ্গে স্বাভাবিকভাবে সাক্ষাৎ করেছি। কে কার আত্মীয় বা কোন দলের, তা বিবেচনা করে ভোট চাওয়া সম্ভব নয়। এখন সেই সময়কার ছবি ব্যবহার করে অপতথ্য ছড়িয়ে আমার ও দলের মানহানি করার চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, বিষয়টি সাইবার ট্রাইব্যুনালে পাঠানো প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে জামায়াত-এনসিপি সমর্থিত প্রার্থীর কাছে পরাজিত হন সোহেল হোসনাইন কায়কোবাদ। পরবর্তীতে তাকে কুড়িগ্রাম জেলা পরিষদ প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়।


