হোমনায় গাঁজাসহ দুই যুবক-যুবতী আটক
রাসেল আহমেদ, হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার হোমনায় ৩ কেজি গাঁজাসহ এক যুবক ও এক যুবতীকে গ্রেপ্তার করেছে হোমনা থানা পুলিশ।
শনিবার (২৫ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের সাদ্দাম বাজার এলাকা থেকে ৩ কেজি গাঁজাসহ তাদের কে আটক করা হয়।
আটককৃতরা হলেন চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার নামাটোলা গ্রামের মোঃ ফরিদ উদ্দিনের ছেলে মোঃ ইমন হোসেন (২৬), এবং অপরজন কুমিল্লা জেলার বড়ুয়া উপজেলার তলাগ্রামের তাজুল ইসলামের মেয়ে জান্নাতুল ফেরদৌস মায়া (১৯)।
থানাসূত্রে জানা যায়, হোমনা থানার এসআই (নিঃ) তাপস কুমার সরকার সঙ্গীয় ফোর্সসহ দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের সাদ্দাম বাজার এলাকায় অভিযান চালান।
এ সময় মা ডোর অ্যান্ড ফার্নিচার মার্টের উত্তর পাশে পাকা রাস্তা থেকে একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলসহ তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় হোমনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।


