পোশাকশ্রমিক বনাম পুলিশ « বাংলাখবর প্রতিদিন

পোশাকশ্রমিক বনাম পুলিশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ নভেম্বর, ২০২৬ | ১২:৩৯
ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ নভেম্বর, ২০২৬ | ১২:৩৯
Link Copied!

বাংলাদেশের শিল্পাঞ্চলের রাজপথে আজ শ্রমিকের ঘাম আর পুলিশের কঠোরতার এক বৈপরীত্যপূর্ণ চিত্র দৃশ্যমান। যে শ্রমিকদের হাত ধরে দেশের অর্থনীতির চাকা সচল থাকে, ন্যায্য মজুরির দাবিতে রাজপথে নামলেই তাদের মুখোমুখি হতে হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বলপ্রয়োগের। রাজধানীর মিরপুর, সাভার, আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জে পোশাকশ্রমিকদের চলমান মজুরি বৃদ্ধির আন্দোলন শ্রমিকের অধিকার এবং রাষ্ট্রীয় ক্ষমতার ব্যবহারের মধ্যকার দ্বন্দ্বকে নতুন করে সামনে এনেছে। শ্রমিকের কণ্ঠে যখন জীবিকার আকুতি, তখন পুলিশের কঠোর অবস্থান সেই সংকটকে আরো বেদনাবিধুর করে তুলছে।

বিজ্ঞাপন

একটি আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে শান্তিপূর্ণভাবে দাবি জানানোর অধিকার নাগরিকের মৌলিক অধিকার। অথচ আমাদের রাজপথে ন্যায্য পাওনার কথা বলতে গেলেই শ্রমিকদের ওপর নেমে আসে বলপ্রয়োগের ঘটনা। মিরপুর ও সাভারের শিল্পাঞ্চলে সাম্প্রতিক সংঘাতের দৃশ্যগুলোতে দেখা গেছে, পুরুষ সহকর্মীদের পাশাপাশি নারী শ্রমিকদের ওপরও লাঠিচার্জ করা হয়েছে। অনেক শ্রমিককে তাদের বাসাবাড়ি কিংবা আন্দোলনস্থল থেকে টেনেহিঁচড়ে আটক করে নিয়ে যাওয়ার ঘটনা ঘটছে। এ ধরনের ঘটনা জনমনে গভীর ক্ষতের সৃষ্টি করে। নিরাপত্তা দেওয়ার পরিবর্তে রাষ্ট্রীয় বাহিনী যখন নাগরিকদের ভয়ের কারণ হয়ে ওঠে, তখন রাষ্ট্রের প্রতি মানুষের আস্থাও প্রশ্নের মুখে পড়ে।

বিজ্ঞাপন

সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, শ্রমিক আন্দোলনের নেপথ্যের মূল সংকটকে পাশ কাটিয়ে যাওয়ার চিরচেনা প্রশাসনিক প্রবণতা থেকে আজও বেরিয়ে আসা সম্ভব হয়নি। চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের আকাশছোঁয়া দামের বাজারে মাত্র সাড়ে ১২ হাজার টাকা মাসিক মজুরিতে একজন সাধারণ শ্রমিকের জীবনধারণ কতটা কঠিন, তা উপলব্ধি করা জরুরি। তাদের বেঁচে থাকার আকুতিকে শুধু বিশৃঙ্খলা হিসেবে না দেখে এর পেছনের মানবিক সংকট অনুধাবন করতে হবে। শ্রমিকদের ক্ষোভ ও জীবিকার তাগিদকে শুধু আইনশৃঙ্খলার অবনতি হিসেবে বিবেচনা করে পুলিশ ব্যাপকভাবে গণমামলার আশ্রয় নিচ্ছে, যা জনমনে উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি করছে। মিরপুর ও গাজীপুরের বিভিন্ন থানায় মাত্র কয়েক দিনের ব্যবধানে কয়েক হাজার অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে একাধিক ফৌজদারি মামলার তথ্য সামনে এসেছে। এ ধরনের মামলা নিরপরাধ শ্রমিকদের মধ্যেও গ্রেপ্তার ও হয়রানির আশঙ্কা তৈরি করতে পারে। অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলার সুযোগ কাজে লাগিয়ে সাধারণ কর্মজীবী মানুষকে হয়রানি করার প্রবণতা নাগরিক অধিকারের পরিপন্থী।

পোশাকশ্রমিকদের সর্বনিম্ন বেতন ১৭ হাজার টাকা নির্ধারণ
Garments-2
সাধারণ মানুষের করের টাকায় পরিচালিত রাষ্ট্রীয় বাহিনীকে কোনো বিশেষ গোষ্ঠী কিংবা পুঁজিপতিদের স্বার্থরক্ষাকারী বাহিনী হিসেবে দেখতে চায় না এ দেশের মানুষ। শ্রমিকদের জীবন সংকট ও ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনে রাষ্ট্র ও পুলিশ প্রশাসন কেন বারবার সাধারণ মানুষের বিপরীত অবস্থানে চলে যায়, সেই প্রশ্নের উত্তর খুঁজতে হবে রাষ্ট্রের মৌলিক দর্শন ও প্রশাসনিক কাঠামোর মধ্যে। পুলিশকে ওপরের মহল কিংবা স্বার্থান্বেষী গোষ্ঠীর ইশারায় পরিচালিত হওয়ার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে সত্যিকার অর্থেই জনগণের সেবক ও বন্ধু হিসেবে আত্মপ্রকাশ করতে হবে। রাজপথে মেহনতি মানুষের রক্ত ও চোখের জল ঝরিয়ে কোনো শিল্পের উন্নয়ন কিংবা অর্থনৈতিক সমৃদ্ধি দীর্ঘস্থায়ী হতে পারে না—ইতিহাস বারবার সেই শিক্ষা দিয়েছে। পুলিশ বাহিনীর মানসিকতা ও কাঠামোগত সংস্কার এখন সময়ের দাবি। এমন একটি পুলিশি ব্যবস্থা গড়ে তুলতে হবে, যেখানে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের মাধ্যমে অধিকারবঞ্চিত মানুষের কণ্ঠ রুদ্ধ করার পরিবর্তে সংলাপ, সহনশীলতা ও মানবিক আচরণ প্রাধান্য পাবে।

পুলিশের দায়িত্ব শুধু রাজপথ খালি করা নয়, নাগরিকের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করাও। শ্রমিকদের ন্যায্য দাবিকে গুরুত্ব দিয়ে আলোচনার পরিবেশ সৃষ্টি, শান্তিপূর্ণ সমাবেশে সহযোগিতা এবং বলপ্রয়োগের অভিযোগের নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা জরুরি। সরকার, মালিক পক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের সমন্বিত উদ্যোগে জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মজুরি নির্ধারণ করাও অপরিহার্য। মনে রাখতে হবে, শ্রমিকের ক্ষোভকে লাঠির আঘাতে সাময়িকভাবে স্তব্ধ করা গেলেও ক্ষুধা ও বঞ্চনার বাস্তবতা মুছে ফেলা যায় না। পোশাকশ্রমিক ও পুলিশের মুখোমুখি অবস্থান নয়, বরং ন্যায়সংগত মজুরি, মানবিক আচরণ এবং পারস্পরিক শ্রদ্ধাই হোক শিল্পাঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার ভিত্তি।

বিজ্ঞাপন

লেখক: শিক্ষার্থী, স্নাতক, হাবিবুল্লাহ বাহার কলেজ, শান্তিনগর, ঢাকা

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
জুমাবারের ১০ আমল পোশাকশ্রমিক বনাম পুলিশ ঢাকাসহ ৬ জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন ইরানে জয় প্রায় হাতের মুঠোয়, তেহরানকে চুক্তিতে পৌঁছানোর আহ্বান যুক্তরাষ্ট্রে ভয়াবহ ঝড়-বন্যায় বিদ্যুতহীন ৯ লাখ গ্রাহক, বাতিল শত শত ফ্লাইট চলনবিলে ‘সাদা সোনা’ চাষে ব্যস্ত কৃষক ১০০ টাকার গরুর মাংসের সঙ্গে ডাল-ভাত ফ্রি, বন্ধ রেস্তোরাঁ এখন জমজমাট টুঙ্গিপাড়া থানায় আগুনের ঘটনায় ৮০২৬ জনের বিরুদ্ধে মামলা দুই সেঞ্চুরিতে ভারতকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা সংসদকে কার্যকর করতে সংবিধানের বিধান বাস্তবায়ন জরুরি: ডেপুটি স্পিকার পুরান ঢাকার চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন ক্ষমতা স্থায়ী করতে ১০ হাজার মানুষকে হত্যার পরিকল্পনা করেছিলেন হাসিনা পিতৃত্বকালীন ছুটি চালু করল থালাপতি বিজয়ের সরকার ইয়েমেনে সংঘাতে প্রাণহানি ২ হাজার ছাড়াল, ঘরছাড়া ৩ লাখ ৬৪ হাজার মানুষ দুর্গম চরাঞ্চলের শিশুদের হাতে বই তুলে দিচ্ছেন ইউএনও মাহবুব হাসান চার সাংবাদিকের মুক্তিতে ৭ দিনের সময়সীমা বেঁধে দিলেন নেতারা ডিসেম্বরে দেশে আসছেন না শেখ হাসিনা টাঙ্গাইলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালন হামলা হলে বন্ধ হয়ে যাবে গোপালগঞ্জের বিদ্যুৎ সরবরাহ ঘাটাইল জাতীয় প্রানি সম্পদ সপ্তাহে শোভাযাত্রা