
রাবিতে সংঘর্ষের ঘটনায় পুলিশের মামলা, আসামী ৩০০
আল-মামুন আশিক, রাবি প্রতিনিধি
রাবিতে সংঘর্ষের ঘটনায় পুলিশের মামলা, আসামী ৩০০ -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের সঙ্গে সংঘর্ষের ঘটনায় মামলা করেছে পুলিশ। মামলায় ২৫০ থেকে ৩০০ অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামী করা হয়েছে। গতকাল রাতে মতিহার থানার এসআই আমানত উল্লাহ বাদী হয়ে এই মামলা দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করে মহানগর পুলিশের মুখপাত্র রফিকুল আলম বলেন, পুলিশ বাদী হয়ে মতিহার থানায় একটি মামলা দায়ের করেছে। গতকাল রাতেই মামলাটি দায়ের করা হয়। মামলায় অজ্ঞাতনামাদের আসামী করা হয়েছে।
উল্লেখ্য, শনিবার সন্ধ্যায় বগুড়া থেকে মোহাম্মদ পরিবহনের একটি বাসে রাজশাহী আসছিলেন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের (২০১৭-১৮) শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী। বাসে সিটে বসাকে কেন্দ্র করে গাড়িচালক শরিফুল ও তার সহযোগী রিপনের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। বিশ্ববিদ্যালয়ের সামনে বিনোদপুর বাজারে বাস থেকে নামার সময় তাঁদের আবার কথা-কাটাকাটি হয়। এ সময় বিনোদপুর বাজারের একজন ব্যবসায়ী বাস চালকের পক্ষ নিয়ে কথা বলেন।
তখন সেখানে উপস্থিত আরও কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে তাঁদের হাতাহাতি হয়। পরে এ নিয়ে স্থানীয় দোকানদারের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এক পর্যায়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের উপর রাবার বুলেট নিক্ষেপ করে। এ সময় প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী আহত হয়।


