
সারাদেশব্যাপী বিএনপির অসহযোগ আন্দোলনের ডাক
ছাত্রদল নেতা মাহমুদের নেতৃত্বে নির্বাচন বিরোধী লিফলেট বিতরণ
স্টাফ রিপোর্টার
নির্বাচন বিরোধী লিফলেট বিতরণ -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

সর্বাত্মক অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে সারাদেশে ভোট বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করছে বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এই কর্মসূচিতে বিশেষভাবে কাজ করে চলেছে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি এবিএম মাহামুদ আলম সরদার।
ডামী নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনে জনমত সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি এবিএম মাহামুদ আলম সরদারের নেতৃত্বে মালিবাগ মোড় থেকে মৌচাক পর্যন্ত লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়েছে। ২২ ডিসেম্বর এই লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান চৌধুরী, শাজাহানপুর থানা বিএনপির নেতা নুরুল ইসলাম সুজন, জাবেদ আব্দুল্লাহ ফারুক।
আরো উপস্থিত ছিলেন, ছাত্রদল নেতা রাসেল হোসেন, সজিব হোসেন, মাহবুব হোসেন, রিমন হোসেন, তেজগাঁও কলেজ ছাত্রদলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক মেহেদী হাসান সরদার সহ অনেকে।

উল্লেখ্য, সর্বাত্মক অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে বান্দরবানবাসীকে ভোট বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করেছে জেলা বিএনপির একাংশ।
শুক্রবার (২২ ডিসেম্বর) সকালে জেলা সদরের গুরুত্বপূর্ণ এলাকায় দলীয় নেতাকর্মীসহ বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী সম্পাদক সাচিং প্রু জেরী এসব লিফলেট বিতরণ করেন।

এ সময় সাচিং প্রু জেরী বলেন, গতকাল বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে সারা দেশব্যাপী বিএনপি অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে। এরই প্রেক্ষিতে পার্বত্য জেলা বান্দরবানে শান্তিপূর্ণ আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাব।
এছাড়া সর্বাত্মক অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে বরিশাল নগরবাসীকে ভোট বর্জনের আহবান জানিয়ে লিফলেট বিতরণ করেছে দক্ষিণ জেলা বিএনপি। বৃহস্পতিবার দুপুরে আদালত প্রাঙ্গণ থেকে নেতাকর্মীরা বের হয়ে ফজলুল হক অ্যাভিনিউসহ আশপাশের সড়কে লিফলেট বিতরণ করেন।


