ক্ষমা চাইতে রাজি নন শেখ হাসিনা, থাকতে চান ভারতেই « বাংলাখবর প্রতিদিন

জাতিসংঘ কর্তৃক ১৪০০ মানুষ হত্যার রিপোর্ট

ক্ষমা চাইতে রাজি নন শেখ হাসিনা, থাকতে চান ভারতেই

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২৯ অক্টোবর, ২০২৫ | ৯:৩২
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২৯ অক্টোবর, ২০২৫ | ৯:৩২
Link Copied!

জাতিসংঘের স্বাধীন প্রতিবেদনের হিসাব অনুযায়ী, ২০২৪ সালের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে প্রায় ১৪০০ মানুষ নিহত এবং হাজারো মানুষ আহত হয়। বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেওয়ার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউটররা শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আদেশ চেয়েছেন। তবে এসব হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষমা চাইতে রাজি নন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা।

ভারতের নয়াদিল্লিতে অবস্থানরত শেখ হাসিনার সাক্ষাৎকার আজ বুধবার (২৯ অক্টোবর) রয়টার্স, এএফপি ও যুক্তরাজ্যভিত্তিক দ্য ইন্ডিপেন্ডেন্টে প্রকাশ হয়। সাক্ষাৎকারে তিনি তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ ‘প্রত্যাখ্যান’ করেছেন এবং চলমান বিচারকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে মন্তব্য করেছেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার কিছু অডিও উপস্থাপন করা হয়েছে। যেখানে তিনি গুলি চালানোর নির্দেশ দিয়েছেন। এএফপির কাছে হাসিনা দাবি করেছেন, অডিওটির কথাগুলো ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে যে অভিযোগ—আমি নিজে বাহিনীগুলোকে আন্দোলনে গুলি চালাতে বলেছি—এটা মিথ্যা।’ যদিও তিনি স্বীকার করে বলেছেন যে, ‘চেইন অব কমান্ডের ভেতরে কিছু ভুল অবশ্যই হয়েছিল।’

বিজ্ঞাপন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামী ১৩ নভেম্বর শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার তারিখ জানাবে। হাসিনার অভিযোগ, তাকে ‘আত্মপক্ষ সমর্থনের জন্য যথেষ্ট সময় দেওয়া হয়নি।’ তবে তিনি আদালতে আত্মসমর্পণ করেননি কিংবা কোনো আইনজীবীও নিয়োগ দেননি।

শেখ হাসিনা রয়টার্সকে বলেন, ‘ক্যাঙ্গারু কোর্টে মামলা চলছে, অপরাধী বানিয়ে রায় আগেই নির্ধারিত হয়ে গেছে।’ মৃত্যুদণ্ডে দণ্ডিত হলে তিনি ‘অবাক বা ভীত হবেন না’ বলেও উল্লেখ করেন।

দ্য ইন্ডিপেন্ডেন্টকে হাসিনা বলেন, ‘আমি নিহত প্রতিটি শিশু, ভাইবোন, আত্মীয় ও বন্ধুর জন্য শোক জানাই।’ কিন্তু এজন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে অস্বীকৃতি জানান তিনি। তার দাবি, সরকার উৎখাতের জন্য রাজনৈতিক প্রতিপক্ষরা অস্থিরতা তৈরি করে চক্রান্ত করেছিল।

বিজ্ঞাপন

তিনি আরও বলেছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না করে লাখো মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করতে যাচ্ছে। তিনি অভিযোগ করেন, নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন ‘অনির্বাচিত অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেওয়ার অধিকার থেকে বঞ্চিত করছে’। এটা ‘জনগণের মত প্রকাশের অধিকার কেড়ে নিচ্ছে’, যা ‘একটি বিপজ্জনক নজির হতে যাচ্ছে’ বলে উল্লেখ করে তিনি।

শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগসহ প্রধান সব রাজনৈতিক দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচন বিশ্বাসযোগ্য হবে না। কার্যকর রাজনৈতিক ব্যবস্থা চাইলে, আপনি লাখ লাখ মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করতে পারেন না।’ তবে বিগত আমলে বিরোধী দলগুলো ছাড়াই নির্বাচন করেছিল শেখ হাসিনা সরকার, যেগুলোতে লাখ লাখ ভোটার ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছিল।

রয়টার্সকে শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা শুধু অন্যায় নয়, এটি আত্মঘাতীও।’ উল্লেখ্য, হাসিনা সরকার ২০২৪ সালে পতনের মাত্র কয়েকদিন আগে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করেছিল।

শেখ হাসিনাসহ আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে চলমান মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত চলাকালে আওয়ামী লীগের কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ আছে। ‘এই পরিস্থিতিতে কোনো নির্বাচন হলে তা ভবিষ্যতের জন্য বিভেদের বীজ বপন করবে,’ বলেন শেখ হাসিনা।

এএফপির কাছে হাসিনা মানবতাবিরোধী অপরাধের অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, মামলাগুলো ‘কোনো প্রমাণসাপেক্ষে করা হয়নি।’ ট্রাইব্যুনালটি ‘রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের দ্বারা গঠিত হয়েছে’ বলেছে মন্তব্য করেন তিনি।

শেখ হাসিনা ‘সব অপরাধের কেন্দ্রবিন্দু’ উল্লেখ করে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আদালতের কাছে ‘দোষী প্রমাণিত হলে তার মৃত্যুদণ্ড’ চেয়েছেন।

শেখ হাসিনা রয়টার্সকে বলেন, ‘পরবর্তী সরকারের নির্বাচনের মাধ্যমে বৈধতা থাকা আবশ্যক। দেশের লাখ লাখ মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে, বর্তমান পরিস্থিতিতে তারা ভোট দেবে না।’ ‘সমর্থকদের অন্য দলেও ভোট দিতে’ বলেননি শেখ হাসিনা। তার আশা, নির্বাচনের আগে তার দল কার্যক্রম চালাতে পারবে।

দ্য ইন্ডিপেন্ডেন্টকে হাসিনা বলেন, তার বিরুদ্ধে মামলাগুলো ‘রাজনৈতিক প্রতিহিংসার অংশ।’ ‘ভারতের বাইরে আশ্রয় নেওয়ার কোনো ইচ্ছা নেই’ বলেও জানান তিনি।

হাসিনা বলেন, তিনি দিল্লিতে ‘নিরিবিলি ও স্বাধীনভাবে’ বসবাস করছেন। মাঝে মাঝে শহরের লোধি গার্ডেনে তিনি হাঁটতে যান, যদিও অতীতে তার পরিবারের সদস্যদের হত্যার ঘটনার কারণে তিনি সতর্ক আছেন।

তিনি বলেন, ‘বাংলাদেশের ভবিষ্যতের জন্য সাংবিধানিক শাসন ও রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসা জরুরি। দেশের ভবিষ্যৎ কোনো একক ব্যক্তি বা পরিবার নির্ধারণ করে দিতে পারে না।’

শেখ হাসিনা আরও বলেন, তার এখন অগ্রাধিকার ‘বাংলাদেশের কল্যাণ ও স্থিতিশীলতা।’ যদিও তার দল আওয়ামী লীগ রাজনৈতিক কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞার বিরুদ্ধে আইনি ও কূটনৈতিক পথ খোঁজার চেষ্টা করছে।

‘বাংলাদেশের জনগণ যা চায়, সেটা দিতে হলে ইউনূসকে আওয়ামী লীগের কার্যক্রম পুনর্বহাল করতে হবে,’ এএফপিকে বলেন শেখ হাসিনা।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত