জামায়াতের বৈঠকে যাওয়ার অভিযোগে বেলকুচিতে মসজিদের ইমাম চাকরিচ্যুত, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন
রেজাউল করিম, সিনিয়র রিপোর্টার
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই বাজার মল্লিকবাড়ি জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোঃ ইব্রাহিম হোসেন সিরাজীকে জামায়াতের একটি বৈঠকে যাওয়ার অভিযোগে বিনা নোটিশে চাকরিচ্যুত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ইমাম মঙ্গলবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘটনার প্রতিবাদ জানিয়ে ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, “গত সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে আমি একটি অমানবিক, অগণতান্ত্রিক ও অন্যায় সিদ্ধান্তের শিকার হই। আমার বিরুদ্ধে অভিযোগ আনা হয়— আমি বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আমিরুল ইসলাম খান আলীমের নিজ গ্রামের মসজিদের ইমাম হওয়া সত্ত্বেও নাকি জামায়াতের একটি বৈঠকে যাওয়ার পথে ছিলাম। অথচ আমি কোনো অপরাধ করিনি, কোনো অপরাধমূলক কিংবা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত নই।”
তিনি আরও বলেন, “একটি রাজনৈতিক সন্দেহের ভিত্তিতে কোনো নোটিশ ছাড়াই, কোনো কারণ দর্শানো ছাড়াই মোবাইল ফোনে আমাকে মসজিদে আসতে নিষেধ করা হয়েছে। মসজিদ কমিটির জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় এবং তৎক্ষণাৎ মোবাইল ফোনের মাধ্যমে আমাকে জানিয়ে দেন মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ আবু শাহিন মল্লিক।”
নিজের পরিচয় তুলে ধরে ইমাম মাওলানা ইব্রাহিম হোসেন বলেন, “আমি একজন আলেম, একজন হাফেজ ও একজন ইমাম। আমার দায়িত্ব মসজিদে নামাজ পড়ানো, কোরআন শিক্ষা দেওয়া এবং সমাজে নৈতিকতা প্রতিষ্ঠা করা।”
সংবাদ সম্মেলনে তিনি প্রশ্ন রেখে বলেন, “একজন ইমাম কি এই দেশের নাগরিক নন? তাঁর কি মতপ্রকাশের স্বাধীনতা নেই? ধর্মীয় দায়িত্ব পালন কি এখন রাজনৈতিক অনুমতির ওপর নির্ভর করবে?”
তিনি অভিযোগ করেন, “বাংলাদেশের সংবিধান ধর্মীয় স্বাধীনতা ও নাগরিক অধিকার নিশ্চিত করলেও বাস্তবে আজ মসজিদ পর্যন্ত রাজনৈতিক দখলদারিত্বের শিকার হচ্ছে।”
এ ঘটনাকে শুধু ব্যক্তিগত অপমান নয় উল্লেখ করে তিনি বলেন, “এটি ধর্মীয় স্বাধীনতার ওপর আঘাত, আলেম সমাজের মর্যাদার ওপর আঘাত এবং গণতান্ত্রিক চেতনার ওপর আঘাত।”
সংবাদ সম্মেলনে তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ন্যায়বিচারের দাবি জানান। পাশাপাশি প্রশাসন, মানবাধিকার সংগঠন ও বিবেকবান মানুষের দৃষ্টি আকর্ষণ করেন।
তিনি বলেন, “আমি প্রতিহিংসা বা সংঘাত চাই না, আমি শুধু ন্যায়বিচার চাই। আজ আমাকে বিনা নোটিশে অপমান করা হলে আগামীতে অন্য কোনো ইমাম বা আলেমও একই পরিস্থিতির শিকার হতে পারেন।”
এ বিষয়ে মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব হাফেজ শাহীন মল্লিক বলেন, ইমামকে দলীয় কোন বিষয় নিয়ে বাদ দেওয়া হয়নি। তাকে মসজিদ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাকে বাদ দেওয়া হয়েছে।


