রাজারহাটে প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগর, বিক্রির অপেক্ষায় শিল্পী কমল চন্দ্র মোহন্ত
মোঃ রেজাউল হক, স্টাফ রিপোর্টার:
প্রতিমা শিল্পী -- দৈনিক বাংলাখবর প্রতিদিন
শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের দানানগর বাজারে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পী শ্রী কমল চন্দ্র মোহন্ত।
মাটি, খড় ও বাঁশ দিয়ে দেবী দুর্গাসহ বিভিন্ন প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। এখন চলছে মাটির প্রলেপ, রং ও সাজসজ্জার শেষ মুহূর্তের কাজ।
শিল্পী কমল চন্দ্র মোহন্ত জানান, প্রতিমা তৈরি শুধু তার জীবিকা নয়, এটি বাপ-দাদার ঐতিহ্যবাহী পেশা। পূজা যত ঘনিয়ে আসে, কাজের ব্যস্ততাও তত বাড়ে। তৈরি করা প্রতিমাগুলো ভালো দামে বিক্রি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
প্রতিমা নিতে আগ্রহীদের ০১৭৩৯-০১৮৩২০ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন শিল্পী কমল চন্দ্র মোহন্ত।
স্থানীয়রা জানান, দানানগর বাজারে প্রতিমা তৈরির এ ঐতিহ্য দীর্ঘদিনের। তবে মাটি, বাঁশ, খড় ও রংসহ উপকরণের দাম বেড়ে যাওয়ায় কাঙ্ক্ষিত লাভ থেকে অনেক সময় বঞ্চিত হন কারিগররা। সরকারি সহযোগিতা ও সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা হলে এ ঐতিহ্যবাহী শিল্প আরও এগিয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা


