আইসিজের রায় বাস্তবায়ন ও রোহিঙ্গাদের প্রত্যাবাসন চায় এনসিপি
ডেস্ক নিউজ
রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর ২০১৭ সালে সংঘটিত গণহত্যার ঘটনায় মিয়ানমারকে দায়ী করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায়কে স্বাগত জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি বলেছে, এই রায় আন্তর্জাতিক বিচারব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তবে রায়ের পূর্ণ বাস্তবায়ন, অপরাধীদের জবাবদিহি এবং রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে হবে।
শনিবার এনসিপির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলা হয়।
বিজ্ঞাপন
বিবৃতিতে দীর্ঘ সাত বছরের আইনি লড়াইয়ে নেতৃত্ব দেওয়ার জন্য গাম্বিয়া এবং মামলায় হস্তক্ষেপকারী ১১টি রাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা জানায় এনসিপি।
দলটি জানায়, আদালত রোহিঙ্গাদের হত্যা, গুরুতর শারীরিক ও মানসিক ক্ষতিসাধন এবং জন্ম প্রতিরোধের উদ্দেশ্যে নেওয়া পদক্ষেপকে গণহত্যার কর্মকাণ্ড হিসেবে প্রতিষ্ঠা করেছেন। এসব কর্মকাণ্ডের পেছনে রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার অভিপ্রায়ও আদালত খুঁজে পেয়েছেন। একই সঙ্গে গণহত্যা প্রতিরোধ ও অপরাধীদের শাস্তি নিশ্চিত করার বাধ্যবাধকতা পালনে ব্যর্থতার জন্য মিয়ানমারকে দায়ী করেছেন।
এনসিপি মনে করে, এই রায় আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রীয় দায়বদ্ধতাকে আরও সুদৃঢ় করেছে। কোনো রাষ্ট্র সার্বভৌমত্ব বা অভ্যন্তরীণ নিরাপত্তার অজুহাতে গণহত্যার দায় এড়াতে পারে না। তবে রাষ্ট্রীয় দায়ের পাশাপাশি অপরাধে জড়িত ব্যক্তিদেরও জবাবদিহির আওতায় আনতে হবে।
বিবৃতিতে বলা হয়, আইসিজের রায়ে মিয়ানমার রাষ্ট্রের আন্তর্জাতিক আইনগত দায় নির্ধারিত হয়েছে, ব্যক্তিবিশেষের ফৌজদারি দায় নয়। তাই উপযুক্ত বিচারিক প্রক্রিয়ায় অপরাধীদের তদন্ত, বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে। ভবিষ্যতে এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি রোধেও কার্যকর ব্যবস্থা নিতে হবে।
রোহিঙ্গাদের ন্যায়বিচার শুধু গণহত্যার স্বীকৃতির মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না উল্লেখ করে এনসিপি বলেছে, তাদের নাগরিকত্ব ও মৌলিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা, ক্ষতিপূরণ, হারানো সম্পত্তি ও অধিকার পুনরুদ্ধার এবং নিজ ভূমিতে ফিরে যাওয়ার অধিকার নিশ্চিত করতে হবে। প্রত্যাবাসন হতে হবে স্বেচ্ছামূলক, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই।
এ জন্য জাতিসংঘ, ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি), আসিয়ান, ইউরোপীয় ইউনিয়ন ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আইসিজের রায় বাস্তবায়নে সমন্বিত কূটনৈতিক ও আইনানুগ উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে দলটি। পাশাপাশি মিয়ানমারের ওপর কার্যকর চাপ বজায় রাখা, অপরাধীদের জবাবদিহি নিশ্চিত করা এবং রোহিঙ্গাদের অধিকার ও নিরাপত্তা রক্ষায় আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর দাবি জানিয়েছে এনসিপি।
বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক অংশীজনদের সঙ্গে সমন্বয় করে রায় বাস্তবায়ন, ক্ষতিপূরণ, নাগরিকত্ব পুনঃপ্রতিষ্ঠা ও নিরাপদ প্রত্যাবাসনে কূটনৈতিক তৎপরতা জোরদার করতে হবে। প্রত্যাবাসনের পূর্বশর্ত হিসেবে আরাকান রাজ্যে রোহিঙ্গাদের নিরাপত্তা, চলাচলের স্বাধীনতা, নাগরিক অধিকার ও জীবিকার নিশ্চয়তা আদায়ে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখতে হবে। একই সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের মানবিক ও অর্থনৈতিক বোঝা লাঘবে আন্তর্জাতিক সহযোগিতা নিশ্চিত করতে হবে।
বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ দীর্ঘদিন ধরে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে আসছে। ২০২৪ সালে রাষ্ট্রীয় বাহিনী ও তৎকালীন শাসকগোষ্ঠীর হাতে ছাত্র-জনতার ওপর হত্যাযজ্ঞ ও নিপীড়নের অভিজ্ঞতা বাংলাদেশের মানুষকে রাষ্ট্রীয় সহিংসতা ও বিচারহীনতার ভয়াবহতা উপলব্ধি করতে শিখিয়েছে। এই অভিজ্ঞতা রোহিঙ্গাদের ন্যায়বিচার ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের প্রতি সংহতি আরও দৃঢ় করেছে।
তবে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের মূল দায়িত্ব মিয়ানমারের উল্লেখ করে এনসিপি বলেছে, রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের পরিবেশ মিয়ানমারকেই নিশ্চিত করতে হবে।
বিবৃতিতে বলা হয়, আইসিজের রায় ন্যায়বিচারের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি। তবে রায়ের বাস্তবায়ন, অপরাধীদের জবাবদিহি, ক্ষতিগ্রস্তদের প্রতিকার এবং রোহিঙ্গাদের অধিকার পুনঃপ্রতিষ্ঠার মধ্য দিয়েই ন্যায়বিচার পূর্ণতা পাবে।


